
্এনামুল হক: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে দশটায় যমুনার চরাঞ্চলের নিশ্চিন্তপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, “জজিরা দারুল উলুম কওমি ও হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষার্থী গোসলের জন্য নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনোরকমে নদীর তীরে ওঠে।”
ঘটনা জানাজানি হলে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর ১২টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন। খবর পেয়ে কাজিপুরের নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ও সিরাজগঞ্জ নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতরা দুই শিক্ষার্থীরা হলো টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।
নিশ্চিন্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন জানান, “ এই ঘটনায় ওই মাদ্রসার শিক্ষার্থী জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে। এরা তিনজনই কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, “ঘটনাটি শুনেছি। ওই পরিবার দুটি আমাদের নিকটে আবেদন করলে আমরা সরকারি সহায়তা দেবো।”
এদিকে দুই শিক্ষার্থীর মরদেহ নদী থেকে উদ্ধারের ঘটনায় ওই মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।”
এ/জে