
এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পিরোজপুরে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মো. রাজিব আহসান, এমপি।
বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, এমপি; পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে চলমান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সমন্বিত উদ্যোগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে পিরোজপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।