
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়া এলাকায় গভীর রাতে সেপটিক ট্যাংকের বর্জ্য রাস্তার পাশের ডোবায় ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে হাদিস হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে। তিনি মজিবর হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, ২১ সেপ্টেম্বর গভীর রাতে একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে জাক্স মেশিনের মাধ্যমে বর্জ্য ও দুর্গন্ধযুক্ত পানি তুলে রাস্তার পাশের ডোবায় ফেলা হয়। এতে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে ভাণ্ডারিয়া পৌরসভার একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে হাদিস হাওলাদারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ওই ভবনে বর্জ্য ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এলাকাবাসী বিষয়টি তদন্ত করে পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।