
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে মানব পাচারের অভিযোগে এনামুল মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনামুল রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এসাহাক মাতুব্বরের ছেলে। পুলিশ জানায়, পূর্বপরিচিত হওয়ার সুযোগ নিয়ে ইতালিতে স্পন্সর ভিসায় পাঠানো ও উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ২২ লাখ টাকা নেওয়া হয়।
পুলিশের দাবি, গত ৭ জানুয়ারি ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে এনামুল তাকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে জিম্মি করে নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীকে মুক্ত করতে স্বজনরা বিভিন্ন সময়ে এনামুলকে আরও ২০ লাখ টাকা দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে তাকে মুক্তি না দিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরে কৌশলে পালিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) সহায়তায় গত ২৮ এপ্রিল বাংলাদেশে ফেরেন ভুক্তভোগী।
এ ঘটনায় রাজৈর থানায় মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে এনামুল মাতুব্বরকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এনামুলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে আরও একটি মানবপাচার মামলার তথ্য পাওয়া গেছে। মাদারীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানব পাচারকারী ও চাঁদাবাজসহ সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জে/এ
