
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
দুর্নীতিকে না বলি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এই প্রত্যয়কে সামনে রেখে পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পিরোজপুরের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সততার চর্চা গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব তৈরি হলে ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক, রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।