
মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
‘মানবতা, উন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য’—এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির (এসপিডিএস) উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে এসপিডিএস কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ঠাকুরগাঁওয়ের পরিচিত চিকিৎসক ডা. মো. হাবিব-ই-রসুল (লিটন) রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি এমবিবিএস ও এফসিপিএস (মেডিসিন) ডিগ্রিধারী এবং ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত।
ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। রোগীদের শারীরিক সমস্যা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, অর্থের অভাবে অনেক সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। এসপিডিএসের এ ধরনের উদ্যোগের ফলে তারা কোনো খরচ ছাড়াই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। এ উদ্যোগ অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী বলেও তারা উল্লেখ করেন।
এসপিডিএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসপিডিএস বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মানুষের মৌলিক প্রয়োজনের অন্যতম একটি হলো চিকিৎসা সেবা। তাই অর্থের অভাবে যেন কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসক ডা. মো. হাবিব-ই-রসুল (লিটন) বলেন, “এসপিডিএসের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। অর্থের অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। আজকের ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পেরে ভালো লাগছে। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে মানুষের পাশে থাকার সুযোগ পেলে আমি আনন্দিত হব।” আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এসপিডিএস ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, স্বাস্থ্য ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে। জে/এ
