
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে মিছিল সহকারে অংশ নেয় আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা আহ্বায়ক দিবাকর বড়ুয়া ও সদস্য সচিব রাহুল ধর-এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে র্যালিতে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে র্যালির আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। র্যালিটি আনোয়ারার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম। এ সময় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির নেতারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে দলের গণতান্ত্রিক আন্দোলন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। জে/এ
