
এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-
বাংলাদেশে বাংলা ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃৎ আবদুল হামিদসহ প্রয়াত ৯ জন জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকারকে পরম শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের ক্রীড়া ভাষ্যকাররা। ৫ সেপ্টেম্বর-২০২৬ শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও স্মরণ সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অনুপম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি ক্রীড়া ভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ, শামীম আশরাফ চৌধুরী, পলাশ খান, কাজল সরকার, বোরহান উদ্দিন মোল্লাসহ বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকাররা। স্মরণ সভায় প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের পরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন ক্রীড়া পরিবারের বিশিষ্টজন, প্রবীণ ও নবীন ক্রীড়া ভাষ্যকাররা। বাংলাদেশে ক্রীড়া ধারাভাষ্য শিল্পকে মর্যাদার আসনে নিয়ে যাওয়া এবং পরবর্তী প্রজন্মের জন্য পথ তৈরি করা ৯ জন কৃতি ভাষ্যকারকে এদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। তারা হলেন-বাংলা ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃৎ আবদুল হামিদ, আতাউল হক মল্লিক, বদরুল হুদা চৌধুরী, খোদা বক্স মৃধা, মোহাম্মদ মুসা, মোহাম্মদ শাহজাহান, মনজুর হাসান মিন্টু, নূর আহমেদ এবং তৌফিক আজিজ খান।

ক্রীড়া ভাষ্যকার মো. জামিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম। পরে প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের পরিবারের সদস্যরা তাদের স্মৃতিচারণ করেন। বক্তব্য দেন ক্রীড়া পরিবারের বিশিষ্টজন ও প্রবীণ ভাষ্যকাররাও। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটর এসোসিয়েশন (বিপিএসসিএ)’র নিজাম উদ্দিন আহমেদ সভাপতি, জিয়াউল হাছান ঠান্ডা সহ-সভাপতি, নজরুল ইসলাম খান সহ-সভাপতি, রাশেদুল হাসান দেওয়ান সাধারণ সম্পাদক, শাহিন আলম সাংগঠনিক সম্পাদক, শান আমান ক্যাশিয়ার, ডা. আব্দুল মতিন সদস্য ও ফরিদ আহমেদ সদস্য প্রমুখ। স্মৃতিচারণে উঠে আসে প্রয়াত ভাষ্যকারদের কর্মময় জীবন, ক্রীড়া সাংবাদিকতা ও ধারাভাষ্যে তাদের অবদান এবং নতুন প্রজন্মের ভাষ্যকারদের জন্য রেখে যাওয়া অনুকরণীয় দৃষ্টান্ত। শ্রদ্ধা, স্মৃতিচারণ আর দোয়ার মধ্য দিয়ে ক্রীড়া ভাষ্যকারদের এই আয়োজন হয়ে ওঠে দেশের ক্রীড়া ধারাভাষ্যের কিংবদন্তিদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের এক আবেগঘন আয়োজন। জে/এ
