
ঠাকুর প্রসাদ রায়, সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার সাভারে স্থানীয় জনগণের মাঝে আইনি সচেতনতা বৃদ্ধি ও গ্রাম আদালতের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থা (ওএপিডি)’-এর উদ্যোগে এক সচেতনতামূলক উঠান বৈঠক ও সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সাভার উপজেলা কো-অর্ডিনেটর ঠাকুর প্রসাদ রায় এবং দারিদ্র ও প্রতিবন্ধী বিমোচন সমাজ কল্যাণ সংস্থার (OAPD) পরিচালক ও সমন্বয়কারী মো. তাইজুল ইসলাম উপস্থিত থেকে আলোচনা পরিচালনা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান, সংস্থা প্রতিনিধি ডাক্তার মোঃ রবিউল ইসলাম, সাভার ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক জামে মসজিদের ইমাম মো. লোকমান হোসেন, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কিশোর-কিশোরীবৃন্দ। বৈঠকের প্রধান বিষয়বস্তু স্বল্প খরচে ও দ্রুত আইনি সেবা: গ্রাম আদালতে অতি সামান্য খরচে (১০ থেকে ২০ টাকা ফি) জটিলতা ছাড়া ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের সহজ সমাধানের উপায় তুলে ধরা হয়।

আইনজীবী ছাড়া পরিচালনা: কোনো উকিল বা আইনজীবীর প্রয়োজন ছাড়াই সাধারণ মানুষ কীভাবে সরাসরি নিজেদের বক্তব্য উপস্থাপন করে ন্যায় বিচার পেতে পারেন, তা স্পষ্ট করা হয়। সামাজিক সচেতনতা বৃদ্ধি: তরুণ প্রজন্ম, শিক্ষক ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে অনাকাঙ্ক্ষিত মামলা-মোকদ্দমা এড়িয়ে আপস-মীমাংসার মাধ্যমে এলাকায় সৌহার্দ্য ও শান্তি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। সভায় বক্তারা উল্লেখ করেন, প্রথাগত আদালতের দীর্ঘ সূত্রতা ও অতিরিক্ত খরচ এড়াতে গ্রাম আদালত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর মাধ্যম। এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। জে/এ
