
মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০২৬ সালের জুনিয়র বৃত্তি, প্রাথমিক বৃত্তি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেন, পার্বতীপুর আদর্শ কলেজের সাবেক অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাবলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাফাত জামিল, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম রিপন ও সহকারী শিক্ষক আব্দুল জলিল সরকার। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মনজুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিমা বানু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আরাফাত জামিল।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সাফল্য অর্জন করে আসছে।
চলতি বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭ জন বৃত্তি পেয়েছে। অন্যদিকে এসএসসি পরীক্ষায় ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর শতভাগ পাসের সাফল্য এসেছে।
পরে অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশের মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান ও মেধা কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।