
এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে এ কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের পাইকপাড়া ঢকঢগিয়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা।
এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বাড়ির আঙিনা, রাস্তার পাশ ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
তিনি আরও বলেন, কারও জ্বর বা অসুস্থতার উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা না করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। অসুস্থ অবস্থায় কেউ ঘরে বসে থাকবেন না এবং ডেঙ্গুকে কোনোভাবেই অবহেলা করা যাবে না।
এ সময় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেন সেলিম রেজা। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তার পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সাবেক সহ-সভাপতি মো. ওয়াহীদুজ্জামান মিনু, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, সহ-সাংগঠনিক ফজলুল হক, যুবদলের যুগ্ম আহবায়ক হিল্লোল তালুকদার, সদস্য সচিব মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব শামীম রেজা রুবেল, ছাত্রদলের আহবায়ক রাশেদুল ইসলাম রিপন, সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দোলা সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম তোতা, যুবদলের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ বাবু সহ উপজেলা ও স্থানীয় সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ/হ