
আলী হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত ৩৪২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি, পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। শনিবার সকালে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা কিন্ডারগার্টেন ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. জহুর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এন্টারপ্রাইজ অ্যাডভাইজার মো. কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুল হাসান বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখবে। তাই শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈয়দা শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার এ.এম. কামরুল আলম চৌধুরী, সৈয়দ উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ পংকজ কুমার রায়, কাজী নাসির উদ্দীন রানা, ব্লু প্লান্ট গ্রুপের ম্যানেজার ইয়াসির আরাফাত লিমন, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি হামিদুল হক খোকা, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, মো. মামুন, বিএনপি নেতা নুরুল হক নিয়াজ, কামরুল ইসলাম, আশরাফুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল হক রজি ও ইঞ্জিনিয়ার আবেদুল ইসলাম। অনুষ্ঠানে বিজয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৪২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। জে/এ
