
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
আন্তর্জাতিক সর্প দংশন সচেতনতা দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে সর্প দংশন প্রতিরোধ ও চিকিৎসা এবং সাপ উদ্ধার ও অবমুক্তকরণ সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শাহমখদুম কলেজে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের প্রতিষ্ঠাতা ডীন অধ্যাপক ড. জালাল উদ্দিন সরদার; শাহ মখদুম কলেজের অধ্যক্ষ জনাব এস.এম. রেজাউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো, জাহাঙ্গীর কবির এবং সর্প বিশেষজ্ঞ ও গবেষক বোরহান বিশ্বাস রোমন। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সিনেমা, নাটক, গল্প ও উপন্যাসের প্রভাবে সাপে কাটা নিয়ে সমাজে নানা ধরনের কুসংস্কার ও ভুল ধারণা ছড়িয়ে পড়েছে। ফলে অনেকেই সর্পদংশনের পর চিকিৎসকের শরণাপন্ন না হয়ে ওঝা বা বেদেদের কাছে গিয়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। তিনি বলেন, সর্পদংশনের পর কোথায় এবং কার সঙ্গে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। অতিরিক্ত আতঙ্ক ও ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এ কারণে সাপে কাটা নিয়ে প্রচলিত কুসংস্কার ও বিভ্রান্তি দূর করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং অর্জিত সঠিক তথ্য ও জ্ঞান সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষকরা সাপ উদ্ধার, নিরাপদে হ্যান্ডলিং এবং প্রকৃতিতে অবমুক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় সাপ উদ্ধারের ক্ষেত্রে উদ্ধারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যথাযথভাবে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জে/এ
