শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ ৪ঠা আশ্বিন, ১৪৩৩

পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে পড়ে আহত ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর | ১৯ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরোনো ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলের কাছেই থাকা জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীমসহ কয়েকজন কর্মকর্তা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার পিটিআই সংলগ্ন বৌদ্ধপাড়া খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনটির সহসভাপতি জুবায়ের আল মামুন এবং সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র।

জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে শনিবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুনসহ সংশ্লিষ্টরা পিটিআই সংলগ্ন বৌদ্ধপাড়া খালের মোহনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফেরার পথে কয়েকজন পুরোনো ব্রিজটির ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে চারজন খালে পড়ে আহত হন।

এ সময় জেলা প্রশাসক, পৌর প্রশাসক, ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা ব্রিজটির কাছেই ছিলেন। তবে ব্রিজের অংশ ভেঙে পড়ার সময় তারা খালে পড়েননি এবং অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

স্থানীয়দের ভাষ্য, খালের ওপর থাকা পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দুর্ঘটনার পর এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্রিজ ও কালভার্টগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে ব্রিজ ভেঙে খালে পড়ে আহত ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top