
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ডিগ্রি কলেজের একটি পুকুর নিয়মনীতি তোয়াক্কা না করে রাতের আঁধারে ইজারা (ডাক) দেওয়ার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে তিনি এই সিন্ডিকেট ইজারা সম্পন্ন করেছেন। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, প্রকাশ্য দিবালোকে কোনো প্রকার উন্মুক্ত দরপত্র বা নিয়মের তোয়াক্কা না করে অত্যন্ত গোপনীয়তার সাথে রাতের অন্ধকারে এই পুকুরের ডাকের আয়োজন করা হয়। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছিলেন কলসকাঠী বেবাজ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিতর্কিত ইউপি সদস্য নুর ইসলাম মোল্লা এবং তার ছেলে ছাত্রলীগ ক্যাডার সাকিল মোল্লা। অভিযোগ উঠেছে, অধ্যক্ষ মিজানুর রহমান বিগত ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মিলিয়ে সাধারণ ও প্রকৃত মৎস্যজীবীদের বঞ্চিত করেছেন। কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই রাতের আঁধারে আওয়ামী লীগ নেতা নুর ইসলাম মোল্লা ও তার ছেলে সাকিলের সিন্ডিকেটকে নামমাত্র মূল্যে পুকুরটি পাইয়ে দেওয়া হয়।
এলাকাবাসী ও সাধারণ শিক্ষার্থীদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ এভাবে গোপনে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা দেওয়া সম্পূর্ণ বেআইনি। তারা দ্রুত এই অবৈধ ডাক বাতিল করে স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় পুনরায় পুকুর ইজারার দাবি জানিয়েছেন। একই সাথে এই অনিয়মের সাথে জড়িত অধ্যক্ষ ও আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থার জোর দাবি উঠেছে। জে/এ
