
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। ৯০ বছরের বেশি বয়সী এক অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রবেশের সময় গেটে ওই বৃদ্ধাকে তাঁর মেয়ের সঙ্গে বসে থাকতে দেখেন ইউএনও মো. হাসিবুল হাসান। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের দেওয়া আর্থিক সহায়তা নিতে বৃদ্ধা সেখানে এসেছেন। তবে ভুলবশত সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আনতে পারেননি তিনি।
বৃদ্ধার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁকে অফিসে গিয়ে টাকা নেওয়ার জন্য অপেক্ষা করাননি ইউএনও। বরং গেটেই তাঁর প্রাপ্য অর্থ তুলে দেন। একই সঙ্গে নিজের পক্ষ থেকে অতিরিক্ত অর্থ সহায়তা করেন এবং ভবিষ্যতে সরকারি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।
ইউএনও মো. হাসিবুল হাসান জানান, প্রতিদিন উপজেলা কার্যালয়ে বিভিন্ন প্রয়োজনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ আসেন। তাঁদের অনেকের মলিন মুখ ও অসহায়ত্ব সহজেই বোঝা যায়। সীমাবদ্ধতার কারণে সবার জন্য সবসময় কিছু করা সম্ভব না হলেও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।
তিনি বলেন, বয়সের ভারে ন্যুব্জ ওই বৃদ্ধাকে গেটে বসে থাকতে দেখে মানবিক কারণে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য আর অপেক্ষা করানো সমীচীন মনে হয়নি। তাই সেখানেই তাঁর প্রাপ্য অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সরকারি সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
একজন প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের প্রতি এমন মানবিক আচরণ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, প্রশাসনের কর্মকর্তারা দায়িত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিলে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সরকারি সেবার প্রতি আস্থা আরও বাড়বে।