
এমএফএইচ রাজু | বরিশাল ২৬ আগস্ট ২০২৬
বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বরিশাল জেলা পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলাউল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ জুলাই আগৈলঝাড়া থানা পুলিশ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে। থানার হাজতে থাকা অবস্থায় তিনি লোহার দরজায় আঘাত করে অসুস্থতার ভান করেন বলে দাবি পুলিশের। পরে তাকে চিকিৎসার জন্য আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে কেন্দ্র করে ২০০ থেকে ৩০০ জনের একটি দল আগৈলঝাড়া থানায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলার সময় থানার ডিউটি অফিসারকে মারধর করে গুরুতর আহত করা, একটি ল্যাপটপ ছিনিয়ে নেওয়া এবং থানার আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ রয়েছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জেলা পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারে ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তে আরও ১৭ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে শনাক্ত আসামির সংখ্যা ৬০ জন। এর মধ্যে ১৬ আগস্ট পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিও গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুজবের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর আক্রমণের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।