
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় নির্ধারিত বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশী নাগরিকদের অভিযোগ, আবেদন ও বিভিন্ন সমস্যার কথা সরাসরি শোনেন।
গণশুনানিতে ভূমি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নাগরিকরা তাদের সমস্যা ও আবেদন তুলে ধরেন। জেলা প্রশাসক এসব আবেদন গুরুত্বসহকারে পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় তিনি জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবাপ্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নাগরিকদের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধান এবং জনবান্ধব সেবা নিশ্চিত করতে নিয়মিত গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে।