
জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগীলি গ্রামের ১০ বছরের শিশু মোছাঃ সাদিয়া আক্তার জন্ম থেকেই জটিল শারীরিক সমস্যায় ভুগছে। মলদ্বার (পায়ুপথ) স্বাভাবিক স্থানে না থাকায় জন্মের পর অস্থায়ী অস্ত্রোপচারের মাধ্যমে তার পেটের অংশে ফুটা করে মলত্যাগের ব্যবস্থা করা হয়। এরপর থেকেই পেটের কৃত্রিম পথ দিয়ে অত্যন্ত কষ্টে মল ত্যাগ করে আসছে সে। সদিয়া বর্তমানে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক সমস্যাও আরও কষ্টদায়ক হয়ে উঠছে। অন্য শিশুরা যখন খেলাধুলা ও আনন্দে সময় কাটায়, তখন সদিয়াকে প্রতিনিয়ত নিজের শারীরিক কষ্টের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে। তবুও পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে ছোট্ট এই মেয়েটি।
সাদিয়ার দিনমজুর পিতা আশরাফুল ইসলাম জানান, সদিয়ার এই সমস্যা স্থায়ী ভাবে সমাধানের জন্য ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচার করানো জরুরি। এ চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আমার পক্ষে এত বিপুল অর্থের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। সদিয়ার বাবা আশরাফুল পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়া এই পরিবারের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে মেয়ের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা জোগাড় করা তাদের কাছে অসম্ভবের মতো।নসাদিয়া বর্তমানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু সার্জারী বিভাগের ডাঃ ভূপাল চন্দ্র বর্ম্মনের চিকিৎসাধীন অবস্থায় আছে।
সদিয়ার বাবা-মায়ের আকুতি, সরকার, সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, বিভিন্ন সংগঠন ও প্রবাসীদের সহযোগিতায় তাদের মেয়ে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন। সদিয়ার চিকিৎসায় সহায়তা পাঠাতে:বিকাশ নম্বরঃ- ০১৯৮৭৩২৭৭৯৮. জে/এ
