
দলীয় পরিচয়ে চাঁদাবাজি হলে সাংগঠনিক ব্যবস্থা, নেওয়া হবে আইনি পদক্ষেপও
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় পরিচয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা, অনুদান বা অর্থ সংগ্রহ করা যাবে না।
কেউ দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আহম্মদ সোহেল মন্জুর সুমন।
রোববার (৩০ আগস্ট) দেওয়া এক বার্তায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে এ নির্দেশনা দেন তিনি।
আহম্মদ সোহেল মন্জুর বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কোনো কর্মসূচির নামে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো ধরনের অনুদান বা চাঁদা দাবি, আদায় কিংবা অর্থ সংগ্রহ করা যাবে না।
তিনি বলেন, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না।
দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি দলীয় শৃঙ্খলা ও নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শান্তিপূর্ণভাবে পালন করতে হবে।
বার্তার শেষে তিনি বলেন, করব কাজ, গড়ব দেশ – সবার আগে বাংলাদেশ।