
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীর সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘Prevention of Violence and Harmful Practices Against Children and Women (PVHP)’ প্রকল্পের আয়োজনে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্সের প্রস্তুতিমূলক বিভাগীয় কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো: আশিক সাঈদ (পিপিএম) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির (পিপিএম ) সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে, পুলিশ কমিশনার শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিশুর আচরণ ও স্বাভাবিক বিকাশে পারিবারিক ও সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই শাসনের নামে শিশুকে মারধর, অপমান বা ভয় দেখানোর মতো আচরণকে সহিংসতা হিসেবে বিবেচনা করে এ বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও ঝরে পড়া, শিশুশ্রম ও অর্থনৈতিক অসচ্ছলতা, শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার, কিশোরী ও মেয়েশিশুদের বিভিন্ন ঝুঁকি এবং শিশু নিখোঁজের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা, তাদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশের সুযোগ সৃষ্টি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।